বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান মো. আতাউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া পদত্যাগ করেছেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর তারা পদ ছাড়েন। একই সঙ্গে ব্যাংকটির পর্ষদে দুজন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে নতুন করে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ নিয়োগ দেয়।
কমার্স ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক হয়েছেন মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ। তাদের নিয়োগের মধ্য দিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। তখন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহমানকে চেয়ারম্যান এবং সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মহসিন মিয়াকে নির্বাহী কমিটির চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের গত বছরের এক পরিদর্শনে সুদ মওকুফসহ বিভিন্ন অনিয়মে আতাউর রহমান ও মহসিন মিয়ার সম্পৃক্ততার তথ্য উঠে আসে। এ কারণে তাদের অপসারণের সুপারিশ করে পরিদর্শক দল। পরবর্তী আরেকটি পরিদর্শনেও অনিয়মের সত্যতা পাওয়া যায়। পরে দীর্ঘ প্রক্রিয়া শেষে তাঁদের পদত্যাগ করতে বলা হয়।
এদিকে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদেও তিনজন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহেদুর রহমান, মোহাম্মদ মোশারফ হোসেন ও মো. মাসুদুর রহমান শাহ।
নতুন নিয়োগ পাওয়া মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংক-কোম্পানি আইন অনুযায়ী, প্রিমিয়ার ব্যাংকে যোগ দেওয়ার আগে তাকে ইউসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের পর বাংলাদেশ ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদও পুনর্গঠন করেছিল।
এসএ




