দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বীমাদাবি নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে আগামী ৮ নভেম্বর বীমাদাবি পরিশোধ কার্যক্রমের চতুর্থ ধাপ অনুষ্ঠিত হবে। এ ধাপে পাঁচটি বীমা প্রতিষ্ঠানের ৫ হাজার ৯৭২ জন পলিসিধারীকে মোট ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চতুর্থ ধাপে বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১ জন পলিসিধারীকে ৭ লাখ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ৭৪ জনকে ৮ কোটি ৩৭ লাখ টাকা এবং হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ হাজার ১৬৩ জনকে ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা পরিশোধ করা হবে।
এ ছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ৩৫০ জন পলিসিধারী পাবেন ৫ কোটি টাকা। অন্যদিকে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪৪ জন পলিসিধারীকে দেওয়া হবে ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা।
আইডিআরএ জানিয়েছে, বীমা খাতে গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, দীর্ঘদিনের অনিষ্পন্ন বৈধ দাবি নিষ্পত্তি এবং গ্রাহকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় কর্তৃপক্ষ কাজ করছে।
গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইডিআরএ।




