জলবায়ু সংকট মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ নিশ্চিত এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা নিয়ে আজ সোমবার তুরস্কে শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ৩১)। ভূমধ্যসাগরীয় পর্যটননগরী আনতালিয়ায় ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নেবেন।
এবারের সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, সহজ শর্তে অর্থায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্যও সম্মেলনটি বিশেষ গুরুত্বপূর্ণ। দেশটির প্রধান প্রত্যাশা, উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন যেন বাস্তব উদ্যোগে রূপ নেয়।
তুরস্ক সরকারের আমন্ত্রণে সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি দুটি পৃথক অধিবেশনে বক্তব্য দেবেন। পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সরকারের সংশ্লিষ্ট সূত্র ও প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এবারের সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন-জীবিকাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে সম্মেলনে ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তাকে অগ্রাধিকার দেবে বাংলাদেশ।
মন্ত্রী বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানো জরুরি। বিশেষ করে উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ অঞ্চলের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রমে বৈশ্বিক সহায়তা প্রয়োজন। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি তহবিল থেকে বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায়ও সহজলভ্য অনুদান চাইবে বাংলাদেশ।
তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কৃষি, শিল্প ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরের পাশাপাশি শ্রমিকদের অধিকার এবং নারী ও তরুণদের কর্মসংস্থান সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পাবে।
জানা গেছে, এবারের সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ কমানো এবং ভবন নির্মাণ খাতে জ্বালানির ব্যবহার ২৫ শতাংশ কমানোর মতো লক্ষ্য নিয়ে আলোচনা হবে। পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়ন বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল আজ উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। আনতালিয়ার স্থানীয় সময় বেলা ১১টায় তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এবারের কপ৩১-এর মনোনীত সভাপতি মুরাত কুরুম। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন ক্রিস বোয়েন।
বাংলাদেশের প্রত্যাশা ও প্রস্তুতি
জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার কারণে দেশের উপকূলীয় ও নিম্নাঞ্চলের মানুষ নিয়মিত ক্ষতির মুখে পড়ছেন। এ পরিস্থিতিতে এবারের সম্মেলনে তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চায় বাংলাদেশ।
প্রথমত, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অপূরণীয় ক্ষতি মোকাবিলায় লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কার্যকর করা। দ্বিতীয়ত, পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা। তৃতীয়ত, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে বৈশ্বিক অভিযোজন তহবিলের বরাদ্দ বৃদ্ধি করা।
এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের মতামতের ভিত্তিতে বাংলাদেশের অবস্থানপত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদল স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি), জি৭৭ এবং সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
তিনি আরও জানান, সম্মেলনস্থলে বাংলাদেশের পক্ষ থেকে ১০০ বর্গমিটারের একটি মূল প্যাভিলিয়ন এবং পৃথক একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করা হবে। এসব প্যাভিলিয়নে বাংলাদেশের জলবায়ু অভিযোজন অভিজ্ঞতা ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর সফর ও দ্বিপক্ষীয় বৈঠক
তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল।
মঙ্গলবার সকালে টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা প্রধানমন্ত্রীর। বিকেলে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছে কিছুক্ষণ যাত্রাবিরতির পর অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়া যাবেন তিনি। সফর শেষে ১২ নভেম্বর বিকেলে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
এ সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে দুই নেতার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বাস্তব সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ব
২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের পর থেকে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে কপ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্যারিস চুক্তি অনুযায়ী, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার অঙ্গীকার রয়েছে।
তবে আগের সম্মেলনগুলোতে জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ কমানো ও সবুজ প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নের গতি নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে এবারের সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর প্রত্যাশা, আলোচনার পাশাপাশি কার্যকর সিদ্ধান্ত ও সুনির্দিষ্ট বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
জলবায়ু বিশেষজ্ঞদের মতে, উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমানোর কার্যকর উদ্যোগ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা না গেলে জলবায়ু সংকট মোকাবিলার বৈশ্বিক প্রচেষ্টা আরও কঠিন হয়ে পড়বে। তাই কপ৩১ সম্মেলনে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপই হবে বিশ্বের প্রত্যাশার মূল জায়গা।
এসএ





