সরকার তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে বারবার দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে তেলের মূল্য অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছিল সরকার। ভর্তুকি দেওয়ার কথাও প্রচার করা হয়েছিল। কিন্তু সেই ঘোষণার পরপরই তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এভাবে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার (০৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যখন তেল ও গ্যাসের দাম কমছে, তখন বাংলাদেশে বাড়ানো হচ্ছে। সরকারের মন্ত্রীরা চোখ বন্ধ করে জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করছেন।
দেশজুড়ে সারের সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার বরাদ্দ দেওয়া হচ্ছে না। অথচ কৃষিমন্ত্রী দাবি করছেন, দেশে সারের কোনো সংকট নেই। কৃষকদের সঙ্গে মতবিনিময়ের নামে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করে সাজানো প্রশ্নের মাধ্যমে গণমাধ্যমে বক্তব্য প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে সারের সংকট আড়াল করার চেষ্টা চলছে। একদিকে প্রয়োজনীয় সার বরাদ্দ দেওয়া হচ্ছে না, অন্যদিকে দলীয়করণের মাধ্যমে ডিলার নিয়োগ করে এক হাজার টাকার সারের বস্তা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এভাবে জনগণের পকেট কাটা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার দাবি করছে, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সারের সংকট রয়েছে। তাহলে প্রশ্ন ওঠে, সরকার কি এসব এলাকায় চাহিদা অনুযায়ী সার বরাদ্দ দিচ্ছে না? প্রতি ইউনিয়নে একজন করে সার ডিলার নিয়োগ দেওয়া হলেও তাঁদের অধিকাংশই বিএনপির দলীয় লোকজন। এমনকি সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও পুত্রবধূকেও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সারের সংকটে একদিকে কৃষিপণ্যের উৎপাদন কমছে, অন্যদিকে দাম বাড়ছে।
রাষ্ট্রের প্রতিটি খাতে নৈরাজ্য চলছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, দেশে কোনো সরকার নেই। জনগণের মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আট দফা দাবিতে লংমার্চ করা হচ্ছে। এসব দাবি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। দাবি বাস্তবায়িত হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, সরকার একদিকে দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াচ্ছে, অন্যদিকে এসব জ্বালানির সংকটও রয়েছে। কৃষক সার পাচ্ছেন না, মানুষ প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছে না। যেদিকে তাকাবেন, শুধু সংকট আর সংকট। এই সংকটের কথা শুনতে শুনতে একদিন হয়তো শোনা যাবে, বিএনপি সরকারও নেই।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি বলেছিল, নির্বাচনই সব সমস্যার সমাধান। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে কি না, বিএনপির কাছে সেই প্রশ্ন রাখেন তিনি। নির্বাচন হয়ে থাকলে সংকট কমার পরিবর্তে বাড়ছে কেন, সে প্রশ্নও তোলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দুই বছরে মানুষকে যে দুর্ভোগ পোহাতে হয়নি, বিএনপি সরকারের সময়ে কেন আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, তা জানতে চান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি সরকার সবকিছুর দাম বাড়ালেও শুধু মানুষের জীবনের মূল্য কমেছে। মানুষের জীবনের কোনো মূল্য এই সরকারের কাছে নেই। বাজারের সিন্ডিকেটের প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, শুধু বাজারই নয়, প্রধানমন্ত্রীও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছেন। সিন্ডিকেটের কারণে তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। সরকারের নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর হাতে নেই; বরং বিএনপির অভ্যন্তরীণ সিন্ডিকেটই সরকার পরিচালনা করছে। এ কারণে এই সরকারকে জনগণের সরকার বলা যায় না। জনগণের সরকার হলে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে যেত। কিন্তু সরকার দেশকে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দিচ্ছে।
সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, সরকারের ব্যর্থতার তালিকা প্রতিদিন দীর্ঘ হচ্ছে। সরকার কখন কী বলছে বা করছে, তা নিজেরাও বুঝতে পারছে না। দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের কারণে সরকারের ব্যর্থতা বাড়ছে উল্লেখ করে তিনি এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বাড়ছে। ক্ষমতায় গেলে সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। কিন্তু ক্ষমতা গ্রহণের আট মাসে সিন্ডিকেট ভাঙার পরিবর্তে এর বিস্তার ঘটেছে। কারা এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, তা জনগণ জানে ও বোঝে।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এমপি বলেন, সরকারের ব্যর্থতার কথা বলে শেষ করা যাবে না। সব ক্ষেত্রেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের দুর্ভোগ কমানোর পরিবর্তে এই সরকার তা আরও বাড়াচ্ছে। দুর্নীতিবাজ ও লুটেরাদের সুবিধা দিতেই দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এর ফলে নিত্যপণ্যের দামও বাড়ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম বলেন, নির্বাচনের আগে বিএনপির তৎকালীন মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, নির্বাচন হলে সব সমস্যার সমাধান হবে। কিন্তু নির্বাচনের পর আট মাস পার হলেও সরকার রাষ্ট্রে শৃঙ্খলা ফেরাতে পারেনি। ক্ষমতা গ্রহণের এই সময়ে তিনবার তেল ও গ্যাসের দাম এবং কয়েক দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কৃষকদের সার সরবরাহ করা যাচ্ছে না। সর্বত্র সংকট থাকলেও তা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেই। রাষ্ট্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা ছাড়াও বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা অংশ নেন। মিছিলটি পল্টন মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাপনী বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জামায়াতে ইসলামী সংসদে ও সংসদের বাইরে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। সংসদে জনগণের দাবি মেনে নেওয়া না হলে রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে। জনগণের আট দফা দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।
এসএ







