দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে কেবল তৈরি পোশাকের ওপর নির্ভর না করে পণ্য বহুমুখীকরণের ওপর জোর দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। রাজধানীর একটি হোটেলে আয়োজিত দ্বিপক্ষীয় বাণিজ্য সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
সেমিনারে জানানো হয়, ওষুধ শিল্প, কৃষিজ প্রক্রিয়াজাত খাদ্য, হালকা প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তি খাতে মালয়েশিয়ায় প্রচুর চাহিদা রয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনাধীন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত চূড়ান্ত হলে শুল্ক বাধা কমে যাবে এবং বাণিজ্য ভারসাম্য উন্নত হবে।
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) নেতারা বলেন, আসিয়ান জোটের বাজারে প্রবেশদ্বার হিসেবে মালয়েশিয়া অত্যন্ত কৌশলগত একটি দেশ। বাংলাদেশি উদ্যোক্তাদের হালাল পণ্য সনদ ও গুণগত মান নিশ্চিত করে সেদেশের মূল ধারার সুপারশপ ও রিটেল চেইনে প্রবেশ করার সুবর্ণ সুযোগ রয়েছে।




