বিশ্বজুড়ে জলবায়ু সচেতনতা ও দ্রুত ফ্যাশনের (ফাস্ট ফ্যাশন) অপচয় রোধে জনপ্রিয় হয়ে উঠছে পোশাক মেরামতের নতুন ধারা। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার ফ্যাশন সচেতন তরুণদের মধ্যে ছেঁড়া বা পুরোনো কাপড় রঙিন সুতো ও শৈল্পিক সেলাইয়ে নতুন নকশায় রূপ দেওয়ার ট্রেন্ড দ্রুত ছড়িয়ে পড়ছে।
বাঙালির চিরায়ত নকশিকাঁথা কিংবা পুরোনো কাপড় সেলাইয়ের ঐতিহ্যের সঙ্গে এই ধারণার গভীর মিল থাকলেও আন্তর্জাতিক বাজারে এটি এখন বিলিয়ন ডলারের সার্কুলার ফ্যাশন শিল্প হিসেবে আবির্ভূত হচ্ছে। পোশাক প্রস্তুতকারী বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ড এখন নষ্ট না করে পোশাক পুনরায় ব্যবহারযোগ্য করার দিকে বিশেষ জোর দিচ্ছে।
পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এটি একটি বড় সম্ভাবনা। কারখানার কাটিং ওয়েস্ট ও বাতিল কাপড় দিয়ে পরিবেশবান্ধব আপসাইকেলড পোশাক তৈরি করে বৈশ্বিক বাজারে বাড়তি মূল্যে রপ্তানি করার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।




