তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে নবগঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল পৌনে দশটায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নিম্নতম মজুরি বোর্ডের প্রথম এ আনুষ্ঠানিক সভা আজ বেলা ১১টায় রাজধানীর তোপখানা রোডে বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন
এর আগে গত রোববার শ্রম মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।
পুনর্গঠিত বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া স্থায়ী সদস্য হিসেবে মালিকপক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।
একই দিনে জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে তৈরি পোশাক খাতের জন্য নির্দিষ্টভাবে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে মোট ছয় সদস্যের বোর্ড পোশাক খাতের মজুরি পুনর্নির্ধারণে কাজ করছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ সভাপতির সাক্ষাৎ
পোশাকশিল্পে চলমান অসন্তোষ ও শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি সাক্ষাৎ করেন পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরপরই রাতে তিনি দেশের শীর্ষস্থানীয় কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে বিজিএমইএ সভাপতি জানান, শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্থবিরতা কাটাতে দ্রুততম সময়ে সরকার গঠিত মজুরি বোর্ডের সভা ডাকার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আজ অনুষ্ঠিতব্য সভা থেকে নতুন মজুরি কাঠামো চূড়ান্তকরণের একটি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষিত হতে পারে। এই সময়সীমা প্রকাশ পেলে সাধারণ পোশাকশ্রমিকেরা আশ্বস্ত হবেন এবং শিল্পাঞ্চলের অস্থিরতা দূর হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।






