গাজীপুর মহানগরীর কাশিমপুর শিল্পাঞ্চলে বিভিন্ন দাবিতে আন্দোলনরত তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশ সদস্যরা পিছু হটে থানায় অবস্থান নিলে আন্দোলনকারীরা কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা চালায়। পরে অতিরিক্ত পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাশিমপুর এলাকায় ডিবিএল গ্রুপের একটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সূত্রপাত হয়। একপর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকদের প্রতিরোধের মুখে পুলিশ সদস্যরা সরে গিয়ে থানায় অবস্থান নেন। এর পরপরই কয়েক হাজার শ্রমিক থানার সামনে জড়ো হয়ে চারদিক থেকে বেষ্টনী তৈরির চেষ্টা করে।
এ সময় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) সদর দপ্তর ও শিল্প পুলিশ থেকে অতিরিক্ত সাঁজোয়া যান ও রায়ট ভ্যান নিয়ে ফোর্স পাঠানো হয়। পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাধারণ শ্রমিকদের দাবির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টি ও থানায় হামলার অপচেষ্টা করেছিল। বর্তমানে থানা এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন রয়েছে। শিল্পাঞ্চলে যেকোনো ধরনের নাশকতা রোধে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।




