বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক ও শিল্প কারখানার কয়েক হাজার শ্রমিক। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে কয়েক ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম এবং বাসাভাড়া কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতনে পরিবার নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে। তাঁরা মালিকপক্ষ ও সরকারের কাছে অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে বাস্তবসম্মত বেতন কাঠামো ঘোষণার দাবি জানান।
ঘটনাস্থলে শিল্প পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন এবং মহাসড়কে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।




