বাংলাদেশের আর্থিক ও ব্যাংকিং খাতের কাঠামোগত দুর্বলতা দূর করে প্রাতিষ্ঠানিক সুশাসন ফিরিয়ে আনতে ৪৫ কোটি মার্কিন ডলারের (প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা) নীতিভিত্তিক ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক। ওয়াশিংটনে সংস্থার নির্বাহী পর্ষদের বৈঠকে এ ঋণ প্রস্তাব অনুমোদিত হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, এই তহবিলের সিংহভাগ ব্যয় হবে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীন নজরদারি ব্যবস্থা শক্তিশালীকরণ, ব্যাংকিং রেজল্যুশন ফ্রেমওয়ার্ক প্রস্তুত এবং সাধারণ আমানতকারীদের সুরক্ষা তহবিল (ডিপোজিট ইন্স্যুরেন্স) দ্বিগুণে উন্নীত করতে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা আরও সুসংহত হবে।
অর্থনীতিবিদরা বিশ্বব্যাংকের এই সহায়তাকে সময়োপযোগী অভিহিত করে বলেছেন, সহজ শর্তের এই বাজেট সহায়তার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে এবং আন্তর্জাতিক আর্থিক অঙ্গনে বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনার ওপর আস্থা বৃদ্ধি পাবে।




